২৪ঘন্টা অনলাইন: বেনাপোল স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি রুটে বাস চলাচল স্থগিত রেখেছেন পরিবহন মালিকরা। ১৯ নভেম্বর সকাল থেকে এ পরিস্থিতি বিরাজ করছে।
তবে কলকাতা-ঢাকা সরাসরি আন্তর্জাতিক বাস সার্ভিস এবং বেনাপোলের স্থানীয় রুটের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে দেশে ফেরা অনেক যাত্রী বিপাকে পড়েছেন। বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। তবে বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রভাবে ভারতফেরত যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান জানান, লকডাউনের কারণে কলকাতা-ঢাকা সরাসরি বাস ছাড়া অন্য পরিবহনের বাস গত বুধবার থেকেই বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
তিনি জানান, বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। এসব বাসে গন্তব্যে যাওয়ার জন্য ভারতফেরত যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। তবে আন্তর্জাতিক রুটের বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিবহন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, সড়কে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল চালু করা কঠিন হতে পারে। ফলে বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।



