২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন লালমনিরহাটের মানুষ। জেলার উন্নয়ন, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থার অগ্রগতির প্রত্যাশার মধ্যেই লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১৯ নভেম্বর সকাল ৯টা ৫৫ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কয়েক দিন ধরেই প্রস্তুত করা হয়েছে পুরো শহর। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও তুলে ধরা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা চিত্র।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে কালেক্টরেট মাঠে। সেখানে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজনে ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম লালমনিরহাট সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা অনেক। বিশেষ করে জেলার অবকাঠামোগত উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে লালমনিরহাটজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। এখন জেলাবাসীর অপেক্ষা, সফরের কর্মসূচি থেকে উন্নয়নের প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়।



