ভারত সিরিজ ঘিরে বিসিবির নতুন পদক্ষেপ

২৪ঘণ্টা অনলাইন: স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য এই সিরিজকে সামনে রেখে সম্প্রচার ও মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিসিবির সাম্প্রতিক পদক্ষেপ সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো একটি নথিতে বিসিবি ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের বৈশ্বিক মিডিয়া স্বত্বের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে। সেখানে বাংলাদেশ-ভারত সিরিজের বিষয়টিও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
দরপত্র অনুযায়ী, টেলিভিশন সম্প্রচারক, ডিজিটাল প্ল্যাটফর্ম, মার্কেটিং এজেন্সি, কনসোর্টিয়াম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব সিরিজের বৈশ্বিক মিডিয়া স্বত্বের জন্য প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (দুই টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (দুই টেস্ট) এবং পাকিস্তানের বাংলাদেশ সফর (পাঁচ ওয়ানডে)।
বিসিবি জানিয়েছে, ২ জুলাই থেকে তাদের কার্যালয় থেকে আগ্রহপত্রসংক্রান্ত বিস্তারিত নথি সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের আর্থিক ও কারিগরি প্রস্তাব জমা দিতে হবে।
উল্লেখ্য, দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে ২০২৫ সালে নির্ধারিত ভারত দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছিল। তবে নতুন করে দরপত্র আহ্বানের ফলে বহুল প্রতীক্ষিত এই সিরিজ আয়োজনের সম্ভাবনা আবারও সামনে এসেছে।
