জঙ্গল সলিমপুরের আলোচিত মামলায় গ্রেপ্তার এক আসামি

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার ব্যক্তির নাম আলী আকবর (২৬)।
র্যাব-৭ এর পক্ষ থেকে ২০ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আকবর সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা। তিনি আলী আহমদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোচিত এ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
