নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ : ইসি

২৪ঘণ্টা অনলাইন : সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৩ ফেব্রুয়ারি ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় এই আসনের ভোট স্থগিত রেখেছে কমিশন।
নির্বাচনে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার সঙ্গত কারণে এবার ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে ২৯৯ আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৬টি আসনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ২৯৬ আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২টি, জামায়াত জোট ৭৬টি এবং অন্যান্য ৮টি। স্থগিত আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। মূলত এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।
