আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রভাতী শাখার শিক্ষার্থীরা পুরস্কৃত

২৪ঘণ্টা অনলাইন : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫৮তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৭ জানুয়ারি মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে পুরস্কৃত হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীরা। এটি ছিল প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার আয়োজন।
সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার। বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার তাঁর বক্তব্যে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হওয়ার আহ্বান জানান। জাতীয় শিক্ষা সপ্তাহের শ্লোগান "শিক্ষার সাথে সংস্কৃতি, জীবনে আনে সুস্থিতি" উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। প্রায় বত্রিশ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ পরিসরে যারা পুরস্কৃত হয়েছেন তিনি তাদেরকে অভিনন্দন জানান। যারা বিজিত হয়েছে তাদের উদ্দেশ্যে ‘ব্যর্থতাই সাফল্যের প্রথম ধাপ" বলে তাদেরকেও তিনি উৎসাহিত করেন।

দিনব্যাপী এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা হামদ , না’তে রাসুল (স) পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের তালে মুখরিত করে তোলে আইডিয়াল প্রাঙ্গন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ তত্ত্বাবধায়ক তাহেরা সুলতানা, নাজমা বেগম ও ফারজানা বারী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার সহকারী প্রধান শিক্ষকরা- মো. জাহাঙ্গীর আলম, মো. মোকসেদুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন, মো. শফিকুল আলম, শাহানা ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. কলিম মুর্শিদ, মল্লিক আমিরুল ইসলাম, মোহাম্মদ এমাম হোসাইন, মো. রফিকুল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, এনএম মঞ্জুরুল হক সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মো. ওহীদুজ্জামান।

১৯৬৫ সালে যাত্রা শুরু করা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, আজও সগৌরবে এগিয়ে চলছে। মেধার বিকাশ আর ঈর্ষণীয় ফলাফলের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
