শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২৪ঘণ্টা অনলাইন : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন ও সিএনজিচালিত অটোরিকশা চালক সবুজকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম সোমবার দুই মামলার চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
