ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে ৩টি সবজি

২৪ঘণ্টা অনলাইন : মারণরোগের ফাঁদ মানেই জীবন নিয়ে টানাটানির ভয়। বর্তমান জীবনযাত্রায় যে সব মারণ অসুখ নিয়ত আমাদের ভাবনায় রাখে, তার অন্যতম ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মতে, ভারতের মতো দেশে প্রতি দিন ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও আধুনিক জীবনযাত্রার নানা ক্ষতিকারক দিকও এমন মারণ অসুখের দিকে ঠেলে দেয় আমাদের, এমনই মত বিশেষজ্ঞদের। তাই জীবনযাপনে নিয়ন্ত্রণ আনা ও ক্ষতিকারক অভ্যাসগুলি থেকে সরে থাকা যেমন প্রয়োজন, তেমনই প্রতি দিনের ডায়েটে যোগ করা উচিত এমন কিছু খাবার, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্যানসার প্রতিরোধেও বিশেষ ভূমিকা নেয়।
ভাজাভুজি, তেল-মশলার খাবার কমিয়ে বরং ডায়েটে যোগ করুন এমন পুষ্টিকর কিছু উপাদান, যা এই মারণরোগগুলো ঠেকাতে অনেকটাই সাহায্য করবে আপনাকে। চিকিৎসক সৌরভ শেঠী তাঁর সমাজমাধ্যমের পাতায় হদিশ দিলেন এমন তিন খাবারের, যা ক্যানসার ঠেকিয়ে রাখতে সাহায্য করতে পারে। ওই চিকিৎসক বলেন, ‘‘ব্রকোলি, বাঁধাকপি আর ফুলকপি ক্যানসার ঠেকাতে পারে। এই সবজিগুলোতে সালফোরাফেন নামক প্রাকৃতিক যৌগ থাকে যাতে ক্যানসার-রোধী গুণাগুণ রয়েছে। এই যৌগ বিশেষ করে স্তন ও কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই রোজের ডায়েটে এই তিন সব্জি রাখা যেতেই পারে।’’ তবে যাঁদের গ্যাসের সমস্যা রয়েছে তাঁদের ডায়েটে এই সবজিগুলো রাখলে সমস্যা আরও বাড়তে পারে। তাই সতর্ক থাকতে হবে।
তবে রান্নার সময় কিছু নিয়ম মেনে চললে গ্যাসের সমস্যা খানিকটা হলেও এড়িয়ে চলা সম্ভব। জেনে নিন, কোন কোন পন্থা মেনে চললেই হবে মুশকিল আসান।
১) ফুলকপি রান্নার ক্ষেত্রে সবজি আধ ঘণ্টা আগেই কেটে রেখে দিন। আগে থেকে কাটা থাকলে ফুলকপিতে থাকা উৎসেচকগুলো বাতাসে বেরিয়ে যাবে। ফলে রান্নার পর গ্যাসের হওয়ার প্রবণতা কমবে।
২) ফুলকপি রান্নার আগে ভাল করে ভাপিয়ে নিয়ে সেই জল ফেলে দিতে হবে। ভাপানো ফুলকপি অল্প তেলে ভাল করে ভেজে নিয়ে তার পরেই রান্না করুন।
৩) ফুলকপি রান্নার সময় হজমে সাহায্যকারী কিছু মশলাপাতি যেমন জিরে, মৌরি, হিং, ধনে, আদা ব্যবহার করুন। এতে রান্নার স্বাদও বাড়বে আর পেটফাঁপার সমস্যাও এড়িয়ে চলতে পারবেন।
৪) জানা দরকার, পানি খেলেও হজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। যে দিন ফুলকপি খাবেন সে দিন বেশি করে পানি খেতে ভুলবেন না যেন। শুধু পানি খেতে ইচ্ছে না করলে ভেষজ চা, মৌরি ভেজানো জলও বার বার করে খেতে পারেন।
৫) হজমে সাহায্য করে প্রোবায়োটিক খাবার। দই প্রোবায়োটিকের খুব ভাল উৎস। তাই ফুলকপি রান্নার সময় দই ব্যবহার করা যেতে পারে। আর রান্নায় ব্যবহার না করলেও খাওয়ার পর দই খেয়ে নিলেও উপকার পাবেন।
