ডুবে গেছে আগ্রাবাদসহ নিচু এলাকা
বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ভারি বৃষ্টি

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদসহ বিশাল এলাকা তলিয়ে গেছে পানির নিচে। ২৮ জুলাই সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত টানা এক ঘণ্টার বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ সময় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন চরম ভোগান্তির মুখে পড়েন।
বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, বাদুরতলা,পাঁচলাইশ, ষোলশহর, শোলকবহর, মুরাদপুর,জিইসি মোড়ের নিচু এলাকা তলিয়ে যায়। বেশিরভাগ নিচু এলাকায় ছিল হাঁটু থেকে কোমরপানি। জলমগ্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় রিকশায় চড়া ভাড়ায় যেতে বাধ্য হন অনেকে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আলা উদ্দিন খন্দকার বলেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টি বেশি পড়েছে সকাল ৯টার পর। তাই বৃষ্টির সঠিক পরিমাণ জানা যাবে বেলা ১২টার পর পাওয়া তথ্যে। তবে চার সমুদ্র বন্দরের জন্য কোন সতর্ক সঙ্কেত নেই। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থেকে ধীরে ধীরে কমে আসবে।
