বাংলাদেশের এশিয়া কাপ সূচি

২৪ঘণ্টা অনলাইন : সবার অংশগ্রহণে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার পরই এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ কেটে গিয়েছিল। এবার সেটা আরো দূর করে দিয়েছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভী। ২৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের বিস্তারিত সূচিও প্রকাশ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গী হয়েছে আফগানিস্তান ও হংকং। আফগানিস্তানের বিপক্ষে হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এশিয়া কাপের সূচি ঘোষণা করে নাকভী লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করার খবর নিশ্চিত করছি। মর্যাদার এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা দৃষ্টিনন্দন ক্রিকেট দেখার জন্য অপেক্ষায় আছি।’

