সেপাক টাকরো কিংস কাপে পুরুষ দলের দারুণ জয়
জিতেছে নারী দলও

২৪ঘণ্টা অনলাইন : থাইল্যান্ডে ৩৮তম আইএসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাই কিংস কাপের ডিভিশন ১ 'এ' এর রেগু ইভেন্টে বাংলাদেশ পুরুষ দল ২২ জুলাই দুই ম্যাচে জয়লাভ করেছে। একই সাথে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ নারী দলও।
পুরুষ দল তাদের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও ইরাককে পরাজিত করে দুর্দান্ত সূচনা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ সেটে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। প্রথম সেটে ৬-১৫ পয়েন্টে হেরে গেলেও, পরের দুই সেটে ১৫-৯ এবং ১৫-১০ পয়েন্টের ব্যবধানে জিতে ম্যাচ নিজেদের করে নেয়। এরপর ইরাকের বিপক্ষেও দাপুটে জয় পায় পুরুষ দল। হারিয়েছে ২-০ সেটে; ১৫-৮, ১৫-৯ পয়েন্ট ব্যবধানে। তবে, দিনের তৃতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ সেটে হেরে জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চাইনিজ তাইপে বাংলাদেশকে হারিয়েছে ১২-১৫ এবং ৬-১৫ পয়েন্টের ব্যবধানে।
অন্যদিকে, বাংলাদেশ নারী দলও তাদের পারফরম্যান্সে উজ্জ্বল ছিল। বাংলাদেশ মহিলা দল রেগু ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেরেছে। হারিয়েছে শ্রীলঙ্কাকে ১৫-৮ এবং ১৫-১০ পয়েন্টে ব্যবধানে। অপর ম্যাচে বাংলাদেশের মেয়েরা চাইনিজ তাইপের কাছে ১৫-৯ এবং ১৫-৬ পয়েন্টে হেরেছে।
বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, এই জয় এই সেপাক টাকরো দলের জন্য একটি ইতিবাচক সূচনা এনে দিয়েছে, যা আগামী ম্যাচগুলোতে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সেপাকটাকরা ফেডারেশন আয়োজিত বিশ্ব সেপাকটাকরা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবং ৩৮তম থাই কিংস কাপ থাইল্যান্ডের সোংখলা প্রদেশের সেন্ট্রাল হাতাই শপিং সেন্টারের কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। ২০-২৮ জুলাই অনুষ্ঠিত এই আসরে বিভিন্ন ইভেন্টে বিশ্বসেরা দলগুলো অংশ নিচ্ছে। এই সফরে বাংলাদেশ পুরুষ এবং নারী দল মিলিয়ে মোট ২৬ সদস্যের একটি দল পাঠিয়েছে।
