৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা ৭ জেলায়

২৪ঘণ্টা অনলাইন : দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৭ জুলাই দুপুর ১টা পর্যন্ত চলমান পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে সারাদেশেই বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযান চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
