জাতীয়

সরকার নয়, ১৮ কোটি মানুষের পাশে থাকবে জামায়াত: শফিকুর রহমান

১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:২১ PM
সরকার নয়, ১৮ কোটি মানুষের পাশে থাকবে জামায়াত: শফিকুর রহমান

২৪ঘণ্টা অনলাইন : সরকারকে সহযোগিতা করার পরিবর্তে এখন থেকে দেশের ১৮ কোটি মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিরোধী দলের সহযোগিতা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

১৮ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, তাঁরা সরকারের পতন চাননি; বরং সরকারের সফলতা চেয়েছিলেন। কারণ, সরকারের সফলতা মানেই দেশের সফলতা। তবে তাঁর অভিযোগ, সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশে সিন্ডিকেটের আধিপত্য মেনে নেওয়া হবে না। তরুণেরা জেগে উঠেছে এবং পূর্ণ মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। তরুণদের সঙ্গে নিয়ে তাঁরা কাজ করবেন বলেও জানান তিনি।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণেরা জ্বালাও-পোড়াও ছাড়াই ঈমানি শক্তি ও দেশপ্রেমের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নব্য ফ্যাসিবাদেরও পতন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর দলটি অতীতের কথা ভুলে গেছে। জুলাই সনদের কয়েকটি বিষয়ে ভিন্নমত থাকলেও গণভোট নিয়ে বিএনপি ভিন্নমত জানায়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াত চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক। তবে বিএনপির দাবিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। তাঁর অভিযোগ, বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর মাধ্যমে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, একটি ভোটের মাধ্যমে সরকার গঠনের এবং অন্য ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে জনগণ। বিএনপি এই দুই রায়ের যথাযথ মূল্যায়ন করলে তাঁদের সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দলটির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram