বন্ধ কারখানা চালুতে ঋণ বিতরণ ৫৬০ কোটি টাকা

২৪ঘণ্টা অনলাইন : বন্ধ কারখানা পুনরায় চালু করতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এখন পর্যন্ত ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর পর্যন্ত এ স্কিমে ঋণের আবেদন জমা পড়েছে ১ হাজার ৪৯০ কোটি টাকার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আবেদন করা ঋণের মধ্যে ৫৬০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বাকি ৯২৯ কোটি টাকার ঋণ বিতরণের প্রক্রিয়া চলছে।
এর আগে, ১ অক্টোবর পর্যন্ত এ স্কিমে ৮০০ কোটি টাকার ঋণের আবেদন জমা পড়েছিল। তখন আটটি প্রতিষ্ঠানের অনুকূলে ১১০ কোটি টাকা ছাড় করা হয়।
গত জুনে বিশেষ এই পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তবে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর অক্টোবর পর্যন্ত সময় লাগে।
কেন্দ্রীয় ব্যাংক কম সুদে তহবিল সরবরাহ করলেও ঋণের পুরো ঝুঁকি বহন করতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ঋণগ্রহীতার ব্যবসায়িক সক্ষমতা ও টিকে থাকার সম্ভাবনা যাচাই করে ঋণ অনুমোদনের দায়িত্বও ব্যাংকগুলোর।
এদিকে, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, নিরীক্ষার পর প্রায় ২০০টি পোশাক কারখানাকে এ স্কিমের জন্য প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। তবে সংগঠনটির দাবি, এসব কারখানার কোনোটি এখনো তহবিল থেকে অর্থ পায়নি।
বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী গণমাধ্যমকে বলেন, তাঁদের জানা মতে, এ স্কিমের আওতায় এখন পর্যন্ত কোনো কারখানাই তহবিল পায়নি।
