বিনোদন

শারদীয় সাজে নজর কাড়লেন জয়া আহসান

১৭ অক্টোবর, ২০২৬ এ ২:৩১ PM
শারদীয় সাজে নজর কাড়লেন জয়া আহসান

২৪ঘণ্টা অনলাইন : অফহোয়াইট শাড়ি, চুলে বেলি ফুলের গাজরা আর মুখজুড়ে মিষ্টি হাসি—ঐতিহ্যবাহী বাঙালি সাজে ভক্তদের মুগ্ধ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুর্গাপূজার আবহে প্রকাশ করা তাঁর নতুন ভিডিওটি নজর কেড়েছে অনুরাগীদের।

১৬ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ভিডিওটি প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’

ভিডিওতে জয়ার পরনে ছিল গোলাপি নকশার পাড়যুক্ত অফহোয়াইট শাড়ি। সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল, হাতে অলংকার আর চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন, আবার কখনো চুলের ফুল ঠিক করছেন—বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে যুক্ত করা হয়েছে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুর আর জয়ার সাবলীল উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও পরিচিত জয়া আহসান। আধুনিক কিংবা ঐতিহ্যবাহী—দুই ধরনের সাজেই নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দেন তিনি। এবার শারদীয় সাজেও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram