রংপুরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, কারাগারে
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...

২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১৬ অক্টোবর বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
আটক দুজন হলেন সিরাজগঞ্জের ওমর আলী ও দিনাজপুরের মিথুল ইসলাম। মিথুল রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যদিকে, ওমর আলী আগের একটি মাদক মামলার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রয়েছেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। হোটেলের একটি কক্ষে ওই দুজনকে পাওয়া যায়। পরে তল্লাশি করে খাটের নিচে রাখা সিগারেটের প্যাকেট থেকে ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক সেবনের পাইপ, গ্যাস লাইট ও ফয়েল পেপারও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে তাঁদের আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, আটক দুজনের একজন বর্তমানে বরখাস্ত এবং অন্যজন রংপুর পুলিশ লাইন্সে কর্মরত। মাদক মামলায় তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
