হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ

২৪ঘণ্টা অনলাইন: কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।
সিঙ্গাপুরের সামুদ্রিক জাহাজ চলাচল ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) জানিয়েছে, জিএফএস প্রাইডে হামলার সময় ২১ জন নাবিক ছিলেন। তাঁদের কেউ আহত হননি এবং সবাইকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে অচল হয়ে পড়েছিল কেপ দাউ। ওই হামলায় একজন নাবিক নিহত হন। পরে জাহাজটি বুধবার ডুবে যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে হামলায় এ পর্যন্ত তিনটি বাণিজ্যিক জাহাজ ডুবেছে। এর মধ্যে জিএফএস প্রাইড দ্বিতীয় এবং কেপ দাউ তৃতীয় জাহাজ।
সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘মারিস্কস’ বলেছে, সাম্প্রতিক হামলাগুলো হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। শুধু তেলবাহী ট্যাঙ্কার নয়, কন্টেইনার জাহাজ ও বড় পণ্যবাহী জাহাজও হামলার শিকার হচ্ছে।
গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে হামলার ঘটনা বেড়েছে। ইরান জানিয়েছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় হামলার মাত্রা বাড়ানো হয়েছে।
এদিকে, ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে নতুন নতুন কৌশল নিচ্ছে তেহরান। তাঁদের ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য তেলের দাম বাড়তি রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলা।
