শিরোনাম’ সিনেমায় অভিনয়-নির্মাণে ফিরছেন কাজী মারুফ

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে রুপালি পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ। ‘শিরোনাম’ নামের সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন তিনি।
৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নতুন চলচ্চিত্রের ঘোষণা দেন কাজী মারুফ। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং হবে বাংলাদেশে।
প্রকাশিত পোস্টারে রক্তের মধ্যে পড়ে থাকা তিনটি সংবাদপত্র দেখা গেছে। সেগুলোর শিরোনামে রাজনীতিতে সংকট, সীমান্তে উত্তেজনা ও দেশজুড়ে বিক্ষোভের মতো বিষয় উঠে এসেছে। ফলে সিনেমাটিতে দেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও বাস্তবতার ছাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঠিক কোন ঘটনা বা প্রেক্ষাপটকে কেন্দ্র করে গল্পটি তৈরি হয়েছে, তা এখনই প্রকাশ করতে চান না কাজী মারুফ। তার ভাষ্য, সিনেমাটিতে সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাব থাকলেও এটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নয়।
এর আগে ‘গ্রীন কার্ড’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী মারুফ। সেখানে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেন তিনি। ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জীবন ও বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরেছিল।
এবার ‘শিরোনাম’-এ ভিন্ন গল্প ও প্রেক্ষাপট নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ নিজেই। তবে তার বিপরীতে নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি।
কাজী মারুফ জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার পর সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করা হবে। এরপরই শুরু হবে ‘শিরোনাম’-এর শুটিং।
