১৭ বছর পর ফের একসঙ্গে বিদ্যা বালন-আর বাল্কি

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন ও নির্মাতা আর বাল্কি। ২০০৯ সালে প্রশংসিত সিনেমা ‘পা’-এর পর এবার নতুন একটি তামিল সিনেমায় জুটি বাঁধছেন তারা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চিত্রনাট্য হাতে শুটিংয়ের পেছনের একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ঘোষণা দেন বিদ্যা বালন। ছবিতে চশমা পরা এবং বেণি করা লুকে মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়তে দেখা যায় তাকে।
পোস্টের ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।’
তবে নতুন সিনেমাটির নাম, গল্প বা চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিনেত্রীর পোস্ট থেকেই আপাতত সিনেমাটির কাজ শুরুর ইঙ্গিত পাওয়া গেছে।
২০০৯ সালে আর বাল্কি পরিচালিত ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বিদ্যা বালন। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ বিরতির পর তাদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে ২০২৬ সালেও একাধিক বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে ‘কান্থা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটির মুক্তির তারিখ ১৫ অক্টোবর নির্ধারিত রয়েছে।
এ ছাড়া পরিচালক আনিস বাজমির একটি নামহীন কমেডি-ড্রামা সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। এতে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। সিনেমাটির প্রথম ধাপের শুটিং কেরালায় শেষ হয়েছে এবং ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
