পাকিস্তানে সেনা অভিযানে ৭ জন নিহতের দাবি

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে সাতজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী।
নিরাপত্তাবাহিনীর দাবি, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় অভিযানে দুজন নিহত হয়েছে। এর আগে সেখানে সশস্ত্র ব্যক্তিরা দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেয় এবং জাতীয় মহাসড়ক এন-৪০-এর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে বলে দাবি করা হয়। পরে পালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত ৩১ আগস্ট একই ধরনের অভিযানে ১১ জন নিহত হয়েছিল বলেও জানানো হয়েছে।
অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার বারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো পৃথক অভিযানে পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া একই প্রদেশের আরেক অভিযানে ফিতনা আল-খারেজির দুই সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তাবাহিনী।
পাকিস্তানের অভিযোগ, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে সন্ত্রাসী হামলা বেড়েছে এবং আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
