রিয়ালে ফিরতেই পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

২৪ঘণ্টা অনলাইন: পর্তুগাল জাতীয় দলের কোচ হওয়ার একাধিক সুযোগ পেয়েও সেই প্রস্তাব গ্রহণ করেননি হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদে ফেরার সুযোগকেই শেষ পর্যন্ত অগ্রাধিকার দিয়েছিলেন পর্তুগিজ এই কোচ।
২০২৬ সালের গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন মরিনহো। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির ডাগআউটে ছিলেন তিনি। রিয়ালে ফেরার আগে নিজ দেশের ক্লাব বেনফিকার দায়িত্বে ছিলেন এই কোচ।
উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো জানান, বেনফিকায় তিনি স্বাচ্ছন্দ্যেই ছিলেন এবং দলকে দ্রুত সাফল্য এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব আসার পর তার সিদ্ধান্ত বদলে যায়।
মরিনহো বলেন, রিয়ালের পক্ষ থেকে দল পুনর্গঠনে তার প্রয়োজনের কথা জানানো হয়েছিল। ক্লাবটির আগ্রহ ও প্রস্তাব তাকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে।
রিয়ালে ফেরার অনুভূতি প্রকাশ করে মরিনহো বলেন, ‘রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই।’ পর্তুগালে ফিরে ভালো সময় কাটালেও রিয়ালের ডাক উপেক্ষা করতে পারেননি বলেও জানান তিনি।
