৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব

২৪ঘণ্টা অনলাইন: নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অভিযান বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর কথাও জানিয়েছে তেহরান।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে তেহরান। শর্তগুলো পূরণ হলে সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সুযোগ রাখা হয়েছে।
ইরানের প্রস্তাবের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অভিযান বন্ধ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয় রয়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের সম্পদ ছাড়ের দাবিও রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরাঘচি জানিয়েছেন, প্রস্তাবের বিষয়ে তেহরান যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও যুদ্ধের পরিবর্তে সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আগ্রহের কথা জানিয়েছেন।
তবে ইরানের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধসহ তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ না হলে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ছাড় দেওয়া হবে না।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। চলমান সংকটের কারণে এ জলপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।
