মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই চালানটি।
এটি মৈত্রী পাইপলাইনের ৭২তম ডিজেল চালান। ১৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় নতুন চালানের সরবরাহ শুরু হয়। ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটির কার্যক্রম শুরু হয়।
চালু হওয়ার পর এখন পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে। প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে পাইপলাইনটির।
চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। এরপর এপ্রিল, মে ও জুলাইয়ে ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়।
পরে আগস্টে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই ডিজেল চালান দেশে এসেছে।
