জ্বালানি আমদানি-বিপণন বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত হয়নি

২৪ঘণ্টা অনলাইন : জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
১৫ সেপ্টেম্বর বিকেলে বিপিসির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিপিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিসেম্বর পর্যন্ত তেলের সরবরাহ পরিস্থিতি নিরাপদ রয়েছে। তবে জ্বালানি তেল কেনা বিপিসির জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, স্বল্পমেয়াদে তেলের মজুত নিয়ে উদ্বেগ নেই। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ বিভিন্ন সমুদ্রপথে জাহাজ চলাচলে জটিলতা তৈরি হয়েছে। তাই দীর্ঘমেয়াদি চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করতে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের জন্য এসপিএম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিগগিরই এর অপারেটর নিয়োগ দেওয়া হবে। এতে তেল খালাস ও সরবরাহের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প পরিচালক চট্টগ্রামে এসে কাজ শুরু করেছেন। প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
মতবিনিময় সভায় জ্বালানি তেলের সরবরাহ, আমদানি, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। বিপিসি চেয়ারম্যান এসব প্রশ্নের উত্তর দেন।
সভায় বিপিসি ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
