ভেনেজুয়েলার পর ইরানের তেল নিয়ন্ত্রণে ট্রাম্পের ইঙ্গিত

২৪ঘণ্টা অনলাইন: ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ভেনেজুয়েলায় নেওয়া মার্কিন নীতির মতো পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন তিনি।
১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে একটি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত না হলে যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র দেশটি থেকে বেরিয়ে আসতে পারে। তবে তেল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হলে ইরানে মার্কিন উপস্থিতি বজায় থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপ ও দেশটির তেল খাতের ব্যবস্থাপনা নিয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতির প্রসঙ্গও এ সময় সামনে আসে। ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানের ক্ষেত্রেও একই ধরনের নীতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ ও তেল খাতের নিয়ন্ত্রণ কে নেবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ ইরান। দেশটির তেল খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ বিশ্ববাজার ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
