বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

২৪ঘণ্টা অনলাইন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে মরদেহটি হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি, পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নিহত হন। একই ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি আহত হন এবং পরে তাদের আটক করে বিএসএফ।
নিহত আসাদুল হক উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে। আটক মোস্তাকিম একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে এবং শ্রী উদা রায় মুনষা নারায়ণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৩৩৩ নম্বর মেইন পিলার এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালালে তিনজন আহত হন। পরে বিএসএফ তাদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।
মরদেহ হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
