জাপানে একক জাদু প্রদর্শনীতে যাচ্ছেন আলীরাজ

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন জাদুশিল্পী আলীরাজ। দেশের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে একক জাদু প্রদর্শন করে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি।
এবার আন্তর্জাতিক একটি সংস্থার আমন্ত্রণে মাসব্যাপী একক জাদু প্রদর্শনীতে অংশ নিতে জাপান যাচ্ছেন এই বাংলাদেশি জাদুশিল্পী। দেশটির বিভিন্ন মঞ্চে নিজের উদ্ভাবনী জাদু পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন উৎসব ও আয়োজনে নিয়মিত জাদু পরিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও দীর্ঘদিন ধরে কাজ করছেন আলীরাজ। এরই মধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় ১৯টি দেশে একক জাদু প্রদর্শনী করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার জাপানে মাসব্যাপী একক প্রদর্শনীর জন্য একমাত্র মনোনীত শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন আলীরাজ। দেশটির বিভিন্ন মঞ্চে ধারাবাহিকভাবে তাঁর জাদু পরিবেশনা অনুষ্ঠিত হবে। তার মতে, এমন আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের জাদুশিল্পের বৈচিত্র্য ও সম্ভাবনাকে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
