খুলনায় এক দিনে ৩৩৪ ডেঙ্গু রোগী

২৪ঘণ্টা অনলাইন : খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এর মধ্যে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ২০৯ জন।
৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। খুলনা জেলায় এককভাবে সর্বোচ্চ ১৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন।
অন্যান্য জেলার মধ্যে যশোরে ৩৭, বাগেরহাটে ১৯, ঝিনাইদহে ১৬, সাতক্ষীরায় ১৫, মাগুরায় ১৪, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গায় ৭, নড়াইলে ৬ এবং মেহেরপুরে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৮৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৬ হাজার ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৮৮৫ জন রোগী চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, খুলনা জেলা হাসপাতালে ২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।
