দালালমুক্ত হাসপাতাল চান স্বাস্থ্যমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালালদের বিরুদ্ধে র্যাব ও ডিজিএফআই যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যার জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, একটি চক্র রোগীদের ভুল বুঝিয়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। দালালদের এমন কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযান চলছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং অবৈধ ক্লিনিক সিলগালা করা হচ্ছে। ভুয়া চিকিৎসক ও সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচার করানো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চিকিৎসকদের দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হাম প্রতিরোধে টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে বিশেষ টিকাদান কর্মসূচি চালানোর কথাও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আগের কর্মসূচিতে বিভিন্ন কারণে অনেক শিশু টিকা থেকে বাদ পড়ে। নতুন করে যুক্ত হওয়া শিশুদের কারণে টিকাদানে একটি ঘাটতিও তৈরি হয়েছে।
সিলেটের হাওরাঞ্চলে এ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মূল ক্যাম্পেইনের আগে আগামী দুই দিনের মধ্যে প্রতিটি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসমানী হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার সমস্যার বিষয়েও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকটের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত জনবল নিয়েই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
