মক্কাজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা শফিকুর রহমানের

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্য পাওয়া চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে বিজয়ীদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নূর উদ্দিন জাকারিয়া। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন রাবিতা বিনতে রমজান, মাহমুদুল হাসান আশরাফী এবং মুসফিরা বিনতে মাহমুদ।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চার প্রতিযোগীর সবাই পুরস্কৃত হয়েছেন। একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান অর্জন করায় এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, মক্কার বায়তুল হারামে বিজয়ীদের নাম ঘোষণার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রদর্শিত হয়েছে। বিশ্বমঞ্চে এ অর্জনকে জাতীয় গৌরব হিসেবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
জামায়াত আমির আরও বলেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সফল হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা উচিত। একই সঙ্গে অতীত ও বর্তমান সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ী সব হাফেজকে নিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজনের আহ্বান জানান তিনি।
ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভালো ও নৈতিক নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কুরআনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের যথাযথ সহযোগিতা থাকা প্রয়োজন।
মাদ্রাসা শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমানে অনেক মাদ্রাসাশিক্ষার্থী একই সঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এ ধরনের সমন্বিত শিক্ষাকে আরও উৎসাহিত করা দরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি উপস্থিত ছিলেন।
