৪৮ ঘণ্টায় ১০৯ সংবাদ, সংসদে হাসনাত

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টায় তাকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
২ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন করার সময় এ অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যমান প্রেস কাউন্সিল আইনে মূলত ছাপা সংবাদে প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু কোনো সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে ব্যক্তিগত আক্রমণাত্মক বা অপতথ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হলে তা নিয়ে প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ নেই।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়। এসব প্রতিবেদন অনলাইনে প্রকাশিত হওয়ায় তিনি প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি বলে দাবি করেন।
হাসনাত আরও জানতে চান, বিরোধীদলের সংসদ সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে প্রতিকার পাওয়ার সুযোগ কী এবং অনলাইন সংবাদকে প্রেস কাউন্সিলের আওতায় আনতে বিদ্যমান আইন সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধীদলের সংসদ সদস্যরাই নন, নারী, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরাও অনলাইনে বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হচ্ছেন।
তিনি জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন সংবাদকেও প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য কার্যকরভাবে মোকাবিলার উপায় নিয়েও কাজ চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
