এক বছর পর্দার বাইরে মন্দিরা

২৪ঘণ্টা অনলাইন : ২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। প্রথম সিনেমাতেই রূপ ও অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর গত বছরের জুনে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে।
তবে ‘নীলচক্র’-এর পর এক বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত মন্দিরা। নতুন কোনো সিনেমাতেও তার উপস্থিতির খবর পাওয়া যায়নি। এতে অনেকের মনে প্রশ্ন উঠেছে, অভিনয় থেকে কি দূরে সরে গেছেন তিনি?
মন্দিরার ভাষ্য, বিষয়টি মোটেও এমন নয়। পর্দায় নিয়মিত দেখা না গেলেও অভিনয়েই ব্যস্ত রয়েছেন তিনি। বরং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।
মন্দিরা জানিয়েছেন, বর্তমানে তার হাতে দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলতি বছরই শুরু হওয়ার কথা। সেই সিনেমার প্রস্তুতিতেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্য সিনেমাটির কাজ শুরু হবে আগামী বছর।
নতুন দুই সিনেমার খবর দিলেও আপাতত সেগুলোর নাম বা বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি মন্দিরা। সঙ্গত কারণেই বিষয়গুলো গোপন রেখেছেন তিনি।
অভিনয়ের প্রস্তুতির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণও নিচ্ছেন মন্দিরা। নতুন সিনেমার রিহার্সালের বাইরে প্রতি মাসে অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। অভিনয়ের দক্ষতা আরও বাড়াতেই এই প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী।
শোবিজে মন্দিরার পথচলা অবশ্য বেশ আগে থেকেই। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় তার যাত্রা। এরপর বিজ্ঞাপনচিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর এখন সিনেমাকেই ক্যারিয়ারের প্রধান লক্ষ্য হিসেবে এগিয়ে নিচ্ছেন তিনি।
