শিক্ষক-কৃষকদের মামলা প্রত্যাহার করবেন বিজয়

২৪ঘণ্টা অনলাইন : ভারতের তামিলনাড়ুতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও কৃষকদের বিরুদ্ধে আগের সরকারের সময়ে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার।
২ সেপ্টেম্বর টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, বিধানসভায় দেওয়া এই ঘোষণার ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে আন্দোলনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন।
বিধানসভার ১১০ ধারা অনুযায়ী দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, জীবিকা, অধিকার ও কল্যাণের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের উদ্যোগ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে।
তিরুভান্নামালাইয়ের প্রস্তাবিত সিপকট শিল্পাঞ্চল এবং পরানদুর বিমানবন্দর প্রকল্পের বিরোধিতা করে আন্দোলন করা কৃষকদের বিরুদ্ধে গুন্ডা আইনে দায়ের করা মামলাগুলোও প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন দল। ডিএমকে হুইপ ইভি ভেলু ও সাবেক মন্ত্রী এমআরকে পান্নীরসেলভম সিদ্ধান্তটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে ফসল ঋণের দাবিতে আন্দোলন করা কৃষকদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
বিরোধীদের আপত্তির জবাবে স্পিকার জেসিডি প্রভাকর বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভার নিয়ম মেনেই ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন দাবি করেন, আগের ডিএমকে সরকারও বিভিন্ন আন্দোলন ঘিরে দায়ের হওয়া পাঁচ হাজারের বেশি মামলা প্রত্যাহার করেছিল। হাইড্রোকার্বন প্রকল্প, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নাগরিকত্ব সংশোধন আইন ও কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের মামলাও এর মধ্যে ছিল।
পূর্তমন্ত্রী আধব অর্জুনের এক দাবির জবাবে উদয়নিধি স্টালিন কুডানকুলাম আন্দোলনের সময় মামলা হওয়া বর্তমান মন্ত্রী ভ্যানিয়ারাসুইয়ের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, আগের সরকারের সময়ে মামলা প্রত্যাহারের বিষয়টি এর মাধ্যমে প্রমাণিত হয়।
