পাপ মুছে শান্তিতে মরতে চান পপি

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে অভিনয় ও মিডিয়ার আলো থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এবার নিজের জীবন নিয়ে নতুন ভাবনার কথা জানিয়েছেন। জীবনের বাকি সময়টা শান্তি, আত্মশুদ্ধি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পপি। এ সময় তিনি বলেন, এখন সুন্দরভাবে বাঁচতে চান এবং আল্লাহর নাম নিয়ে জীবনের বাকি সময় কাটাতে চান।
পপির ভাষায়, জীবনে যত ভুল ও পাপ করেছেন, সেগুলো থেকে নিজেকে শুদ্ধ করে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান তিনি। তার এমন বক্তব্যে অভিনয়জীবন থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অভিনয়ে ফেরার বিষয়ে এর আগে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।
করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে বিরতি নেওয়ার পর ২০২১ সালের শুরু থেকে হঠাৎ করেই মিডিয়ার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন পপি। এরপর তার ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে জানা যায়, পপি বিয়ে করে সংসারী হয়েছেন এবং তিনি এক পুত্রসন্তানের মা। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।
দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে পপির সাম্প্রতিক বক্তব্যে তাই তার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিতই মিলছে। অভিনয়ের জগতের ব্যস্ততার বদলে এখন শান্তি ও আত্মশুদ্ধিকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।
