গ্র্যান্ড ক্যানিয়নে বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ এলাকায় হঠাৎ বন্যা দেখা দিলে পার্ক রেঞ্জাররা উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেন।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে পার্কের কর্মীরা অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পার্ক কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বন্যার পর দুর্গত এলাকা থেকে অন্তত ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে পড়া হাইকার ও ব্যাকপ্যাকারদের সরিয়ে নেওয়ার উদ্যোগও চলছে।
ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ গ্র্যান্ড ক্যানিয়নের দুর্গম অভ্যন্তরীণ এলাকায় অবস্থিত। আকস্মিক বন্যার প্রবল স্রোতে সেখানকার ট্রেইল অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা বেশিরভাগ পায়ে হাঁটার সেতুও ধ্বংস হয়েছে।
পরিস্থিতির কারণে ফ্যান্টম রেঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড ও পুরো নর্থ কাইবাব ট্রেইল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ। কটনউড ক্যাম্পগ্রাউন্ড ও ফ্যান্টম রেঞ্চ এলাকা থেকেও আরও মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এক হাইকার জানান, হঠাৎ বন্যা শুরু হওয়ায় তাদের হাইকিং পরিকল্পনা বাতিল করতে হয়। পানির সঙ্গে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ দ্রুত নেমে আসতে দেখে তারা নিরাপদ স্থানে সরে যান। পরে হেলিকপ্টারে করে তাদের একটি স্কুলে এবং সেখান থেকে হোটেলে নেওয়া হয়।
এদিকে কলোরাডো নদীর ওপর থাকা ব্ল্যাক ব্রিজ ও সিলভার ব্রিজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ধ্বংসাবশেষ নদীতে ভেসে আসায় কলোরাডো নদীতে নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত ওই এলাকায় আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে আকস্মিক বন্যা, ধ্বংসাবশেষের স্রোত ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
