জামিন চান না দীপু মনি

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, এখন আর জামিন নিয়ে বাসায় যাওয়ার প্রয়োজন নেই।
২৭ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জামিন শুনানির জন্য তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।
জামিন শুনানি শুরুর আগে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’
তিনি বলেন, ‘এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই।’
নিজের স্বামী তৌফিক নেওয়াজের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন এবং তার বাকশক্তিও ছিল না। গত ১৮ আগস্ট রাতে তৌফিক নেওয়াজ মারা যান।
দীপু মনি বলেন, স্বামীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কাছে থাকার জন্যই গত ২৬ এপ্রিল জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে তিনি পাশে থাকতে পারেননি।
তিনি আরও বলেন, ‘এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’
এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানান। একই সঙ্গে তার আবেদনের যৌক্তিকতা থাকলেও মামলার আরও বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়ার কথা বলেন।
দীপু মনি জামিন আবেদন প্রত্যাহার করতে চাইলেও তার ডিফেন্স আইনজীবীর সম্মতিতে আবেদনটি পেন্ডিং রাখেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
