কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে কন্যাশিশুদের শিক্ষা সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
একশনএইড বাংলাদেশের গার্লস সাপোর্ট প্রকল্পের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় পাঁচজন কন্যাশিশুকে বাইসাইকেল, ১০ জনকে শিক্ষা বৃত্তি এবং ১৫টি পরিবারকে আয়বর্ধনমূলক সহায়তা দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, একটি মেয়ের স্বপ্ন যেন বাল্যবিবাহের কারণে থেমে না যায়- এই লক্ষ্যেই কন্যাশিশুদের শিক্ষা অব্যাহত রাখা এবং পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সক্ষম করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কেও পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করা হচ্ছে।
এ সময় কন্যাশিশুদের শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, শুধু সচেতনতা তৈরিই নয়, কন্যাশিশুদের শিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো জরুরি। পরিবার, কমিউনিটি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করলে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা সম্ভব।
কন্যাশিশুদের স্বপ্ন, শিক্ষা ও সম্ভাবনাকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
