কিমের কাছে ৫৭ পরমাণু বোমা: ট্রাম্প

২৪ ঘণ্টা অনলাইন : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পরমাণু অস্ত্রের অধিকারী কিমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার হোয়াইট হাউসে নতুন একটি হেলিপ্যাড উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, কিম পরমাণু অস্ত্র তৈরিতে সফল হয়েছেন এবং বর্তমানে তার কাছে এসব অস্ত্র রয়েছে।
ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। পাশাপাশি ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে চীন সফরের কথা রয়েছে ট্রাম্পের। ওই সফরে কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি আগ্রহী। এর আগে ২০১৮ সালে সিঙ্গাপুর, ২০১৯ সালে হ্যানয় এবং একই বছরের জুনে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় কিমের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প।
