স্বামীর শেষ বিদায়ে প্যারোলে দীপু মনি

২৪ঘণ্টা অনলাইন : স্বামীর মৃত্যুর পর শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। ২০ আগস্ট সকাল ৬টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্র জানায়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেন। দীপু মনিকে প্রথমে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হচ্ছে। সেখানে তিনি স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখবেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চার দিনের প্যারোলের আবেদন করা হলেও জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ ১৮ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
