দুই কার্গো এলএনজি কিনবে বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : দেশের জরুরি গ্যাসের চাহিদা পূরণে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনা হবে।
১৭ আগস্ট সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
সভা সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২৩-২৪ আগস্ট একটি কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার দরে এর মোট মূল্য পড়বে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার। মোট ব্যয় হবে ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।
এর আগে গত ১২ আগস্ট দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
