কিংসের স্বস্তি, নতুন চাপে আবাহনী

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের ফুটবলের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী এখনো ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। তবে কিংসের নিষেধাজ্ঞা ১৪টি থেকে কমে ১০টিতে নেমেছে। অন্যদিকে, আবাহনীর একমাত্র নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সিরিয়ার এক ফুটবলারের পাওনা পরিশোধের পর দ্রুত নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা করেছিল আবাহনী। কিন্তু অর্থ পাঠানোর প্রায় এক সপ্তাহ পরও ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।
আবাহনীর কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু জানান, খেলোয়াড়ের দেওয়া ব্যাংক তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে অর্থ পাঠানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে অর্থ প্রেরণ সম্পন্ন হলেও খেলোয়াড়ের হিসাবে টাকা জমা না হওয়ায় ফিফার কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা যাচ্ছে না।
১৭ আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ছুটির কারণে দ্রুত ব্যাংকিং জটিলতা সমাধান করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কঠিন হতে পারে। এরপরও খেলোয়াড় ও তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত সমাধানের আশা করছে আবাহনী।
এদিকে ১৯ আগস্ট খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্লাব লাইসেন্স সম্পন্ন এবং নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য আবাহনীর হাতে সময় খুবই কম। নিষেধাজ্ঞা নিয়ে ব্যস্ত থাকায় নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গেও চুক্তি করতে পারেনি ক্লাবটি।
অন্যদিকে, বসুন্ধরা কিংসের ১০টি নিষেধাজ্ঞা বহাল থাকলেও রাকিব ও তপু বর্মণসহ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে তারা।
আগামী ২১ আগস্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে নতুন মৌসুমের চ্যালেঞ্জ কাপ শুরু হওয়ার কথা। কিন্তু এখনো আবাহনীর ক্যাম্প শুরু হয়নি। কিংসের অবস্থাও পুরোপুরি প্রস্তুত নয়। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ অবস্থায় ২১ আগস্টের পরিবর্তে ২৫ আগস্ট ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
