বরিশালের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২৪ঘণ্টা অনলাইন : প্রথমবার বরিশাল সফরে এসে জেলার নদী, গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নিজের সফর অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। নগরীর কীর্তনখোলা নদীতে এমভি খান-৭ লঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল সফর নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরিশাল অত্যন্ত মনোরম একটি এলাকা। এটি তার প্রথম সফর হলেও নদীপথে ভ্রমণ তার খুব পছন্দের। সকালে ঢাকা থেকে বরিশালে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারও ঘুরে দেখেছেন তিনি।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন ক্রিস্টেনসেন। একই সঙ্গে বরিশালের প্রাকৃতিক পরিবেশ ও মানুষের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান একক বাজার যুক্তরাষ্ট্র।
মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে তিনি আবারও বরিশালে এসে এ অঞ্চলের সৌন্দর্য উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
