১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

২৪ঘণ্টা অনলাইন : রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
৯ আগস্ট দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে অনুষ্ঠিত জোটের নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের পক্ষ থেকে অভিন্ন প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, অলি আহমদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দেশের বর্তমান রাজনৈতিক সংকটে একজন অভিভাবক হিসেবে অলি আহমদকে উপযুক্ত মনে করেই তাকে প্রার্থী করা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তার নেতৃত্বে চলমান সংকট মোকাবিলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনকে সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংস্কার কমিশনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রস্তাব এসেছিল। ১১ দলের প্রত্যাশা ছিল, জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে সংস্কার পরিষদ গঠন না করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি।
বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে জুলাই সনদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ১১ দল প্রথম থেকেই জানিয়ে আসছে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রাধান্য থাকে। তবে নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বজায় রাখার বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছে ১১ দল।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
