উপকূলে শিল্পায়নে কমবে বেকারত্ব: প্রধানমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের বাঁশখালীসহ উপকূলীয় এলাকায় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ আগস্ট বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র দেশের মানুষের জন্য বড় একটি সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তোলা গেলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বেকারত্বের সমস্যাও অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও জানান, লবণচাষিদের স্বার্থ রক্ষায় শিগগিরই লবণের মূল্য নির্ধারণের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপকূলীয় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে বিভিন্ন ধরনের ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী তুলে দেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন তিনি।
বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম ও কক্সবাজারে এর আগে সফর করলেও এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
