সোমবার এসএসসি ফল প্রকাশ

২৪ ঘণ্টা অনলাইন : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
৮ আগস্ট বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি অভিন্ন দুটি ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফলাফল দেখা যাবে।
মোবাইল ফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে— SSC DHA ROLL YEAR
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের জন্য— SSC MAD ROLL YEAR
আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে— SSC TEC ROLL YEAR
এরপর নির্ধারিত নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে। এই ফির মধ্যে প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
