নতুন নাটক ‘ছোট ছেলে’

২৪ঘণ্টা অনলাইন : একসময় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল জনপ্রিয় টেলিনাটক ‘বড় ছেলে’। প্রায় এক দশক পর সেই নামের আবহ ধরে এবার দর্শকের সামনে আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’। তবে এটি ‘বড় ছেলে’র সিক্যুয়েল নয়, বরং সম্পূর্ণ নতুন গল্প ও নির্মাণে তৈরি একটি স্বতন্ত্র নাটক।
নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। একই সঙ্গে এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।
নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী।
পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, আবেগ এবং প্রজন্মগত টানাপোড়েনকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। নির্মাতাদের আশা, বাস্তবধর্মী কাহিনি ও আবেগঘন উপস্থাপনা দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে।
নাটকটি নিয়ে আরশ খান বলেন, এটি একটি হৃদয়ছোঁয়া পারিবারিক গল্প। এমন অনেক মুহূর্ত রয়েছে, যেখানে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। তার বিশ্বাস, নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক হিসেবে ‘ছোট ছেলে’ দর্শকদের ভালো লাগবে।
সুনেরাহ বিনতে কামাল বলেন, তিনি সবসময় গল্পনির্ভর কাজকে গুরুত্ব দেন। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে তিনি আনন্দিত।
সান মাল্টিমিডিয়া জানিয়েছে, শুধু নাটক নির্মাণ নয়, দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট এবং বিভিন্ন ধরনের ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
