বিনিয়োগ ও কর্মী নিতে সৌদির আগ্রহ

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে একাধিক উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
৪ আগস্ট ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরব বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে।
তিনি বলেন, ফিশারিজ, খাদ্যশিল্প, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এসব বিষয়ে উভয় দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বিনিয়োগ নিয়ে শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া চলতি বছরের মধ্যেই দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ বৈঠক (পলিটিক্যাল কনসালটেশন) এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষ জনশক্তি নিয়োগ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য ছিল না। তবে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের কূটনৈতিক মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানে কাজ করছে।
তিনি বলেন, সৌদি আরব শুধু একটি খাতে নয়, বরং বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে চায়। এ লক্ষ্যেই তাদের এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
