প্রধানমন্ত্রীর সঙ্গে কোরীয় বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
৩ আগস্ট বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ স্বাক্ষরিত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নতুন গতি পাবে। একই সঙ্গে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তিনি বলেন, ইতোমধ্যে অনেক দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তাদের খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের অভিজ্ঞতা রয়েছে, আর বাংলাদেশের রয়েছে দক্ষ জনশক্তি গড়ে তোলার বড় সম্ভাবনা। বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দেওয়া হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। পাশাপাশি কোরিয়ান প্রতিষ্ঠানগুলো জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে একটি বিনিয়োগ ও ব্যবসাবিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। এছাড়া দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বৈঠকের একপর্যায়ে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
