বাংলাদেশ সফরে মার্কিন নৌ কমান্ডার

২৪ঘণ্টা অনলাইন : তিন দিনের সরকারি সফরে আগামী ৪ আগস্ট বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল ঢাকা সফর করবে। সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে যে আলোচনা চলছে, সেই প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন সম্ভাবনাও এ সফরে গুরুত্ব পেতে পারে।
