মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা

২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানবিষয়ক কঠোর বক্তব্যের পর এ সতর্কতা জারি করা হয়েছে।
২ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে নিরাপত্তা সতর্কতা প্রকাশ করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যেকোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং পরিস্থিতি খারাপ হলে দ্রুত অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে চলমান সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোরভাবে’ জবাব দেবে। তিনি অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তার এই বক্তব্যের পরই নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এজন্য ভ্রমণ পরিকল্পনায় নমনীয়তা রাখার পাশাপাশি বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোর সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন কর্তৃপক্ষ জানায়, কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা এখনো স্বাভাবিক ফ্লাইট সূচি পুনরায় চালু করেনি, আবার কিছু প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট রুটে ফ্লাইট স্থগিত রেখেছে। ফলে পরিস্থিতির অবনতি হলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশভিত্তিক সতর্কবার্তায় জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরতদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং ইরানের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাই মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
